
অনলাইন ডেস্কঃ
সৌদি আরবে ওমরাহ পালন করার জন্য এখন থেকে আর কোনো এজেন্সির সহায়তা লাগবে না। পবিত্র ওমরাহ পালনে আগের নিয়মে পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশটি।
সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী, দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ বৃহস্পতিবার (২ জুন) ওমরাহ যাত্রীদের জন্য নতুন অ্যাপ চালুর ঘোষণা দিয়েছেন। এ অ্যাপের মাধ্যমে নিজেই ওমরাহ ভিসার আবেদন করতে পারবেন। এ ইলেকট্রনিক পরিষেবায় ভিসা পাওয়া যাবে ২৪ ঘণ্টার মধ্যে।
মন্ত্রী আরও বলেছেন, ‘এখন থেকে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে ওমরাহর জন্য ভিজিট ভিসা ইস্যু করা হবে। ওমরাহ ভিসার জন্য আবেদনপত্র সৌদি আরবের বাইরে থেকে ব্যক্তিগতভাবে সাবমিট করা যাবে।’
তৌফিক আল-রাবিয়াহ’র ভাষ্যমতে, সৌদি আরবের ভিশন ২০৩০-এর লক্ষ্য হচ্ছে, বৃহত্তর সংখ্যায় ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের জন্য সৌদিতে অভ্যর্থনা সহজতর করা।
এসময় ওমরাহ পালনের জন্য ভিজিট ভিসার মেয়াদ এখন থেকে এক মাসের পরিবর্তে ৩ মাস মেয়াদে দেয়া হবে বলেও উল্লেখ করেন সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী।
তিনি বলেন, ওমরাহ পালন করতে সৌদি আরবে আসা সকল মুসল্লি কোনো ধরনের বাধা ছাড়াই সৌদি আরবের যেকোনো অঞ্চলে যাতায়াত বা ভ্রমণ করতে পারবেন।
হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী বলেন, এ বছর পবিত্র হজে অংশ নিবেন ১০ লাখ মানুষ। বিপুল সংখ্যক এই হাজীদের মধ্যে ৮৫ শতাংশ বা ৮ লাখ ৫০ হাজার মুসল্লি বিদেশি এবং ১৫ শতাংশ বা ১ লাখ ৫০ হাজার মুসল্লি সৌদি আরবের অভ্যন্তরীণ হাজী। দেশটির হজযাত্রীরা শুক্রবার থেকে ১১ জুন পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।
প্রসঙ্গত কোভিড মহামারির কারণে গত দুই বছর সীমিত আকারে হজ পালন করা হয়েছে। ২০২১ সালে হজে অংশ নিয়েছে ১০ হাজার মানুষ। আর ২০২০ সালে হজে অংশ নিয়েছিলেন ১ হাজার মানুষ। অবশ্য কোভিড মহামারির আগে ২০১৯ সালে হজ করেছে ২৫ লাখ মানুষ।













