
এম.এ আজিজ রাসেল
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ‘কক্সবাজারে একটি আন্তর্জাতিক মানের ট্যুরিস্ট ইন্ডাস্ট্রিজ হবে। সেখানে এখানকার ছেলেমেয়েদের জায়গা করে নিতে হবে। তাই শুধু জিপিএ-৫ পেলে হবে না। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি অর্জন করতে হবে বাস্তবমূখী শিক্ষাও।’
বুধবার (১৫ জুন) কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী স্কুল এন্ড কলেজ ও উত্তরণ মডেল স্কুল এন্ড কলেজে সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেছেন, ‘বায়তুশ শরফের সুনাম শুধু কক্সবাজারে নয়। এর সুনাম সারা বাংলাদেশে রয়েছে। এছাড়া বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীতে এক ছাদের নিচে সকল ধর্মের শিক্ষার্থীরা অধ্যয়ন করছে। যা সম্প্রীতির অনন্য উদাহরণ।’
তিনি আক্ষেপ করে বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা শুধু তেলাওয়াত করতে জানেন, কিন্তু আরবী ভাষায় কথা বলতে পারা লোকের সংখ্যা খুব কম।
একই সাথে বাংলা, আরবী ও ইংরেজিতে পারদর্শিতা অর্জনের উপর তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেন। মাদরাসা শিক্ষক -শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর জন্য সরকার প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি।’
বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) সাইমুম সরওয়ার কমল, কউক চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমেদ, সংরক্ষিত আসনের এমপি কানিজ ফাতেমা আহমেদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দে, জেলা যুব লীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর ও উত্তরণ মডেল কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম।
সাংবাদিক শহিদুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর প্রধান শিক্ষক মোঃ ছৈয়দ করিম।
পরে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী উত্তরণ মডেল টাউনে উত্তরণ মডেল কলেজের শুভ উদ্বোধন করেন।













