
নিজস্ব প্রতিবেদক
শহরের ইমন নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। এসময় তাঁর ব্যবহৃত মোটর সাইকেলটি ছিনিয়ে নেওয়া হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পেশকার পাড়ার বাকখালী নদীর সিকো বরফ কল পয়েন্টে এ ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা গেছে , উত্তর টেকপাড়া এলাকার ব্যবসায়ী মোহাম্মদ হাসানের পুত্র ইমন হাসান মওলাকে একা পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে গতিরোধ করে পেশকার পাড়া এলাকার বহু মামলার আসামী আবদুল্লাহ খান, ছৈয়দ আকবর, রমজান, সানি ও ফরহাদসহ ৭-৮ জন সন্ত্রাসী। এসময় ইমনকে শরীরে বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। ছিনিয়ে নেওয়া হয় তাঁর ব্যবহৃত মোটর সাইকেলটি। পরে গুরুতর আহত অবস্থায় ইমন মাটিতে ঢলে পড়লে মৃত্যু হয়েছে ভেবে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পথচারীরা তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমনের শারীরিক অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করেন।
খবর পেয়ে ওসির নির্দেশে শহর পুলিশ ফাঁড়ির এসআই আবছারের নেতৃত্বে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম হাসপাতালে গিয়ে হামলাকারীদের যাবতীয় তথ্য উপাত্ত নেন। হামলারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধ করে কেউ পার পাবে না। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।













