পরিবেশ বিজ্ঞানী ড. আশরাফ আলী সিদ্দিকীর হ*ত্যা চেষ্টার ঘটনায় বাপার উদ্বেগ

0
5
প্রেস বিজ্ঞপ্তি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যা ও প্রকৌশল বিভাগের প্রফেসর, বিশিষ্ট ভূ-রসায়নবিদ ও পরিবেশ বিজ্ঞানী ড. আশরাফ আলী সিদ্দিকীর জীবননাশ চেষ্টার ঘটনায় উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দসহ কক্সবাজারের পরিবেশবাদীগণ। বিবৃতিতে বলা হয়- সম্প্রতি আমরা বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানতে পারলাম যে, তুচ্ছ অজুহাত তুলে একটি মহল পরিবেশ বিজ্ঞানী ড. আশরাফ আলী সিদ্দিকীকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা চালিয়েছে। এ বিষয়ে তিনি প্রক্টর বরাবরে লিখিত অভিযোগ এবং জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরী করলেও গত দেড় মাসেও অভিযুক্তদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। যে কারণে অভিযুক্তরা আরো উৎসাহিত হয়ে সম্প্রতি ফেসবুকে ভুয়া একাউন্ট খুলে তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং হুমকী দিয়ে যাচ্ছে বলে জানা গেছে।  এই ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। অন্যথায় যে কোন অপ্রীতিকর পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসন দায়ী থাকবে।
আমরা উল্লেখ করতে চাই যে, ড. আশরাফ আলী সিদ্দিকী কক্সবাজার শহর ও সেন্টমার্টিনের ভূ-গর্ভস্থ পানি ও মাটি নিয়ে গবেষণা করেছেন। যে কারণে কক্সবাজারের পরিবেশবাদী সংগঠনগুলো এক নামেই তাকে চেনে। তাঁর মতো এক গুণী শিক্ষকের কারণে ময়মনসিংহের একটি প্রত্যন্ত উপজেলা শহরে অবস্থিত ওই বিশ্ববিদ্যালয়টিকেও কক্সবাজারের মানুষ চেনে। তাঁর মতো একজন শিক্ষক ও বিজ্ঞানীর জীবনের নিরাপত্তা বিধানের ব্যর্থতা এই রাষ্ট্রেরও।
বিবৃতিতে স্বাক্ষর করেন বাপা কক্সবাজার জেলা শাখার সভাপতি ফজলুল কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, সাংগঠনিক সম্পাদক এইচ এম নজরুল ইসলাম প্রমুখ।
নেতৃবৃন্দরা অবিলম্বে পরিবেশ বিজ্ঞানী ড. আশরাফ আলী সিদ্দিকীকে হুমকিদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানান,একই সাথে বিজ্ঞানী ড. আশরাফ সিদ্দিকীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহবান জানান।
আগেরামু এসএসসি’ ৯২ ব্যাচের জমকালো বন্ধু সম্মিলন সম্পন্ন 
পরেহলদিয়া পালং আওয়ামী লীগের সভাপতি আশরাফ জাহান কাজল