ওয়ার্ল্ড বীচ রিসোর্টে প্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি করে মুক্তিপণ আদায়

0
2

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারে একটি আবাসিক হোটেলে শফিক আহমেদ (৪০) নামে এক দুবাই প্রবাসীকে অপহরণ করে ফাঁদে ফেলার অভিযোগ উঠেছে। এসময় ওই প্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি ২ লাখ টাকা মুক্তিপণ আদায় করে অপহরণকারী চক্র।

সোমবার (১১অক্টোবর) দুপুর ১২টার দিকে কক্সবাজার কলাতলী ওয়ার্ল্ড বীচ রিসোর্টে এই ঘটনা ঘটে।

অপহরণের শিকার যুবক শফিক আহমদ  বলেন, আজ আমি আমার দোকানের জন্য কিছু মালামাল কিনতে আসি কক্সবাজারে। হঠাৎ আমার সাথে দুবাই থাকাকালীন রাসেল নামে এক যুবকের সাথে দেখা হয়। রাসেল হঠাৎ আমাকে তার বউয়ের সাথে পরিচয় করে দেওয়ার নামে সড়কের পাশে একটি ওয়ার্ল্ড বীচ রিসোর্টের ৮২৩ নং ফ্ল্যাটে ঢুকিয়ে তালাবদ্ধ করে দেয়। এসময় ফ্ল্যাটে আগে থেকে উৎপেতে থাকা ৫-৬ জন অস্ত্রধারী যুবক কিছু বুঝে উঠার আগে আমাকে বেদম মারধর শুরু করে। একপর্যায়ে তারা অস্ত্রের মুখে জিম্মি করে আমার কাছ থেকে ১ লাখ ৯৩ হাজার টাকা জোরপূর্বক আদায় করে। পরে এই ঘটনা কাউকে না জানাতে আমার অশ্লীল ছবি ধারণ করে সাদা কাগজে স্বাক্ষর নেয়। এ বিষয়ে থানায় অভিযোগ দিলে অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

সরেজমিনে ওয়ার্ল্ড বিচে গিয়ে সিসিটিভি ফুটেজে প্রবাসী শফিক আহমদকে ফ্ল্যাটে নিয়ে যেতে দেখা গেছে। খোরশেদ নামে এক কেয়ারটেকার ফ্ল্যাট মালিক আজমগীর থেকে এটি ভাড়া নেয়। খোরশেদ ও রাসেল এর নেতৃত্বে এই ঘটনা ঘটানো হয়। ঘটনার পর থেকে লাপাত্তা কেয়ারটেকার খোরশেদ। খোরশেদ সদর উপজেলার ভারুয়াখালী চোচুলা মুরা এলাকার রাহামত ছালামের ছেলে।

ফ্ল্যাট মালিক আজমগীর জানান, আমার কাছ থেকে কেয়ারটেকার খোরশেদ ফ্ল্যাটটি ভাড়া নেয়। ঘটনার পর তার মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তার খোঁজ নেওয়া হচ্ছে। আমি শুধু ফ্ল্যাট ভাড়া দিয়েছি। সেখানে যাই হোক না কেন  আমার দেখার বিষয় নয়। অপহরণের শিকার ভিকটিম  টেকনাফের বাসিন্দা নিশ্চয়ই  ইয়াবা লেনদেন করতে এসে এ ঘটনার সম্মুখীন হয়েছেন বলে উল্টো অভিযোগ করেন।

ওয়ার্ল্ড বীচ রিসোর্টের ল্যান্ড ওনার্স ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক শাহীনুল ইসলাম ও ল্যান্ড মালিক অ্যাডভোকেট আশরাফুল আলম বলেন, এখানে কিছু ফ্ল্যাট বিভিন্ন অপরাধীরা নিয়ন্ত্রণ করছে। যার কারণে এমন ঘটনা ঘটছে। এই ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হবে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অফিসার্স ইনচার্জ  (ওসি) রাজ্জাক। তিনি বলেন, আমরা যাবতীয় খোঁজখবর নিচ্ছি। জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত আছে

আগেকক্সবাজার ব্যাটারী চালিত ই-বাইক(টমটম) মালিক সমিতি রামু উপজেলা উপ-কমিটির সাথে আমার কোন প্রকার সম্পর্ক নেই
পরেদাম বাড়ছে বিদ্যুতের, ঘোষণা বৃহস্পতিবার