
কক্সবাজারের চকরিয়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শহিদ(১৬) নামে পেকুয়ার এক কিশোর নিহত হয়েছে। এসময় মোটরসাইকেলের আরোহী আরো দুই জন গুরুতর আহত হয়।
২২ অক্টোবর (শনিবার) দুপুর ২ টার দিকে চকরিয়া উপজেলার কোনাখালীর এবিসি (পেকুয়া-চকরিয়া) সড়কের বাঘগুজারা ব্রিজের জঙ্গল কাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদ পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহ আলম বাবুর্চির ছেলে এবং স্থানীয় পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
জানা গেছে, শহিদসহ ৩ কিশোর মোটরসাইকেল যোগে চকরিয়া যাওয়ার পথে আঞ্চলিক মহাসড়ক এবিসি (পেকুয়া-চকরিয়া) সড়কের বাঘগুজারা ব্রিজের পর জঙ্গল কাটা এলাকায় পৌঁছালে অপর প্রান্ত থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিন জনই গুরুতর আহত হয়। স্থানীয় উদ্ধার করে আহতদেরকে চকরিয়া ইউনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে শহিদ মারা যায়। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পেকুয়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ শাহেদ।













