চকরিয়ায় চালককে অজ্ঞান করে টমটম গাড়ি ছিনতাই, হাসপাতালে চালকের মৃত্যু

0
7

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় ইজিবাইক (টমটম) চালককে অজ্ঞান করে গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে ইজিবাইক চালককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে গাড়ির চালক মো.জাকের হোসেন (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রবিবার দুপুর তিনটার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ইজিবাইক চালক জাকের হোসেন কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ মাইজ কাকারা এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কাকারা মাইজপাড়া এলাকার বাসিন্দা মো. জাকের হোসেন তিন দিন আগে মানুষের কাছ থেকে ধারদেনা নিয়ে দেড় লাখ টাকা দিয়ে ব্যাটারি চালিত একটি নুতন ইজিবাইক (টমটম) গাড়ি ক্রয় করেন। রবিবার সকালে এলাকা থেকে ভাড়া নিয়ে চকরিয়া পৌরশহরে আসেন জাকের হোসেন। এদিন দুপুরের দিকে পৌরশহরের চিরিঙ্গা থেকে দুইজন যুবক গাড়ি ভাড়া করে সাহারবিলের মাইজঘোনা এলাকায় নিয়ে রাস্তার পাশে দাঁড়ান। এসময় যুবক দুইজনের হাতে থাকা তিন প্যাকেট বিরানী থেকে একটি প্যাকেট তাকে খেতে দেন। বিরানী খাওয়ার পরপরই চালক জাকের হোসেন অজ্ঞান হয়ে পড়লে তাকে রাস্তার পাশে ফেলে রেখে ছদ্মবেশী ছিনতাইকারী যুবক দুইজন গাড়ি নিয়ে পালিয়ে যান। পরে পথচারীরা গাড়ির চালক জাকের হোসেনকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সোমবার রাত তিনটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ছিনতাইয়ের ঘটনায় চালক নিহত হওয়ার বিষয়টি জানাজানি হলে সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে।

নিহত চালকের ছেলে সোহেল জানিয়েছেন তার বাবা’র মৃত্যুর বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

চকরিয়া থানার ওসি (তদন্ত) আবদুল জব্বার বলেন, ঘটনার বিষয়টি কেউ থানায় অবহিত করেনি। এরপরও লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আগেরোহিঙ্গা ক্যাম্পে ২য় দফা সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১৯
পরেরোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার বিচার শুরু