দুই দিন আগেই নেতাকর্মীর ঢল, পথে পথে বাধার অভিযোগ

0
8

জাগোনিউজ:

গণপরিবহন বন্ধের ঘোষণায় দুইদিন আগেই যানবাহনের সংকট আর পথের নানা বাধা পেরিয়ে বরিশালের সমাবেশস্থলে জড়ো হয়েছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেল থেকেই বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন।

এদিন রাত সাড়ে ৮টার দিকে সরেজমিনে দেখা যায়, কয়েক হাজার নেতাকর্মী সমাবেশস্থল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) জড়ো হয়েছেন। সেখানে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। কেউ কেউ আবার ব্যস্ত ছবি-সেলফি তোলায়। অনেককে আবার দলগত আড্ডা দিতে দেখা যায়। সবমিলিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সেখানে। পাশাপাশি জোরেশোরে চলছে মঞ্চ প্রস্তুতের শেষদিকের কাজ।

বিজ্ঞাপন

সমাবেশে আসা নেতাকর্মীরা অভিযোগ করে জানান, আগামীকাল (শুক্রবার) থেকে বাস ও লঞ্চ ধর্মঘট। এ কারণে দুইদিন আগেই তারা এসেছেন। পথে আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকি ও বাধার মুখে পড়তে হয়েছে। বিকেল থেকে পথে পথে গাড়ি থামিয়ে তল্লাশি করছে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মী বুঝতে পারলে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। অনেককে ভেঙে ভেঙে আসতে হয়েছে। এরপরও সমাবেশস্থলে জড়ো হয়েছেন তারা। সন্ধ্যার আগেই লোকারণ্য হয়ে উঠছে সমাবেশস্থল। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো বেলস পার্ক।

সমাবেশস্থলে আসা ভোলা পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. এমদাদ হোসেন বলেন, আমরা প্রায় ২০০ জন একসঙ্গে এসেছি। আসতে অনেক কষ্ট হয়েছে। লঞ্চ বন্ধ ছিল। স্পিডবোটও ভোলা থেকে ছাড়তে দেওয়া হচ্ছে না। ভোলা থেকে ভেঙে ভেঙে আসতে হয়েছে। দুপুর থেকেই সমাবেশস্থলে আছি। আসতে পেরে অনেক ভালো লাগছে।

ভোলার লালমোহন উপজেলার বিএনপি কর্মী ওহাব আলী বলেন, মাছের ট্রলারে করে আসতে হয়েছে। তারপরও পথে বাধা-বিঘ্ন সৃষ্টি করা হয়েছে। তবে সমাবেশে আসার পর সব ক্লান্তি দূর হয়ে গেছে। আমরা একসঙ্গে ৩০ জন এসেছি। কেউ উঠেছেন আত্মীয়ের বাসায়, কেউবা মেস ও হোটেলে। তবে সবাই সন্ধ্যার পর সমাবেশস্থলে এসেছি। এখন চাঙা লাগছে।

jagonews24

গৌরনদী উপজেলার বিএনপি কর্মী মো. মাকসুদ অভিযোগ করে বলেন, দুপুরের দিকে রওনা করেছি। বাস ছেড়ে কিছুদূর যাওয়া পর নামিয়ে দেওয়া হয়েছে। পথে পথে পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ বাধা দিয়েছে। ভেঙে ভেঙে আসতে তিনগুণ বেশি টাকা লেগেছে। তবে শত কষ্টের পরও বরিশালে ভালোভাবে পৌঁছাতে পেরেছি, এটাই আনন্দের।

বরিশাল মহানগর বিএনপি আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক জাগো নিউজকে বলেন, সমাবেশস্থল নগরীর বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক) নেতাকর্মী ও সমর্থকে এখনই প্রায় ভর্তি হয়ে গেছে। সমাবেশের এখনো দুই দিন বাকি। নেতাকর্মীরা পথে পথে বাধা ও হয়রানির অভিযোগ করছেন। তবে বাধা দিয়েও কাজ হয়নি। আশা করছি বরিশালের গণসমাবেশে জনসমুদ্রের জোয়ার সৃষ্টি হবে।

 

আগেইমরান খানকে গু*লি, যা বললেন মুশফিক
পরেইমরানকে গু*লি করার ভিডিও প্রকাশ্যে