
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার ঘুরতে স্ত্রীর বিরুদ্ধে থানায় জিডি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় রেডিও জকি (আরজে) কিবরিয়া। এরআগে সহযোগিতা চেয়ে ফোন করেন জরুরি সেবা নম্বর ৯৯৯— এ।
জিডিতে উল্লেখ করা হয়েছে, পারিবারিক বিষয় নিয়ে বাড়াবাড়ির জের ধরে তার স্ত্রী আত্মহত্যা ও সন্তানদের মেরে ফেলার হুমকি দেয়ায় কিবরিয়া ভবিষ্যত নিরাপত্তার স্বার্থে বিষয়টি থানাকে অবহিত করেছেন।
জানা গেছে, বুধবার স্ত্রী-সন্তান ও পরিবার নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন আরজে কিবরিয়া। সেখানে সৈকত তীরের একটি তারকা মানের হোটেলে উঠেন। বৃহস্পতিবার সকালে পারিবারিক কলহ নিয়ে তার সঙ্গে স্ত্রীর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সন্তানদের মেরে আত্মহত্যার হুমকি দেন তার স্ত্রী। এসময় আরজে কিবরিয়া জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে সহযোগিতা চান।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘আরজে কিবরিয়ার স্ত্রীর বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। পারিবারিক সমস্যা নিয়ে বিষয়টি হয়েছে বলে মনে হয়।’













