নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারে ৪ দশমিক ১০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩৯ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদফতর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান।তিনি বলেন, ‘বিকাল ৪টা ৩৯ মিনিটে মিয়ানমারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে ভূকম্পনটির উৎপত্তি হয়েছে। যেটি ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থিত। এর ফলে ৪ দশমিক ১০ মাত্রার কম্পন অনুভূত হয়েছে কক্সবাজারে।’ভূমিকম্পের তথ্য রাখা ওয়েবসাইট ভলকানো ডিসকভারি বলেছে, বঙ্গোপসাগর থেকে ১২৫ কিলোমিটার পূর্বদিকে মিয়ানমারের আয়াবতী রাজ্যের পাথিন অঞ্চল স্থানীয় সময় দুপুর ৩টা ৩৬ মিনিটে ভূমিকম্পে প্রথম কেঁপে ওঠে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৪ দশমিক ৯। এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।এর কিছুক্ষণ পরেই রাখাইন রাজ্যে ৪ দশমিক ১ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। যার উৎপত্তি বাংলাদেশের টেকনাফ থেকে ৯ দশমিক ৭ কিলোমিটার উত্তরে।