আনচার উল্লাহ, উখিয়া ::
কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়ায় ৮ বছর আগে (তৎকালীন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক) পরিত্যক্ত ঘোষিত সাইক্লোন সেন্টার নিজে নিজে ভাংতে শুরু করছে।
আজ ২৬ শে জুলাই হঠাৎ এই পরিত্যক্ত সাইক্লোন সেন্টারের একাংশ ধ্বসে পড়ে। কিন্তু ভাগ্যক্রমে কোন হতাহত হয়নি। তবে অনতিবিলম্বে এই পরিত্যক্ত ভবনটি অপসারণের কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করলে প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
উপকূলবাসীকে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাতে ১৯৭৭ সালে নির্মান করা হয়। পরে সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের পাঠদান ও ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হয় এই ভবনটি।
ভবনটির পশ্চিমে সোনারপাড়া জামে মসজিদ, পূর্বে সোনারপাড়া দাখিল মাদরাসা, দক্ষিণে সোনারপাড়া প্রাথমিক বিদ্যালয় ও হেফজখানা, উত্তরে খেলার মাঠ ও সোনারপাড়া উচ্চ বিদ্যালয়। তাই মৃত্যু ঝুঁকি নিয়ে প্রতিদিন ক্লাস করছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের তিন হাজারের বেশি শিক্ষার্থী। জরাজীর্ণ ভবনটির নিচ দিয়েই যাতায়াত করতে হচ্ছে উল্লেখিত প্রতিষ্ঠান সমূহের শিক্ষার্থী, মুসল্লি ও পার্শ্ববর্তী গ্রামবাসীদের।
এদিকে পরিত্যক্ত ঘোষিত হওয়ার পর থেকেই এই ঝুঁকিপুর্ন ভবনটি নিয়ে বিভিন্ন পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক লিখা লিখি হয়েছে দূর্ভাগ্যবশত এখনো পর্যন্ত কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
এ বিষয়ে সোনারপাড়া জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি মাওলানা রহমত উল্লাহ জানান, পরিত্যক্ত এই ভবনটি এতই ঝুঁকিপূর্ণ যে, নামাজ পড়তে আসা মুসল্লিরাসহ সবাই সবসময় আতঙ্কে থাকেন। এছাড়া পরিত্যক্ত ভবনটি জুয়াড়ি ও মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
সোনারপাড়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও জালিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান এস এম ছৈয়দ আলম জানান, আট বছর আগে সাইক্লোন সেন্টারটি পরিত্যক্ত ঘোষণা করেন উখিয়ার তৎকালীন ইউএনও। এরপর ভবনটি ভাঙার জন্য বারবার অনুরোধ করলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সাথে যোগাযোগ করে এই ঝুকিপূর্ণ ভবনের একাংশ ইতিমধ্যে ধ্বসে পড়ছে, এটি অপসারণের কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি উল্লেখিত বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেনঃ এই ভবনগুলো নির্মাণ ও অপসারণ বা ভাঙার দায়িত্ব হলো শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের, আমি নিজেই তাদের কাছে চিঠি পাঠিয়েছিলাম এখন আবারও যোগাযোগের চেষ্টা করব।
উল্লেখ্য যে, এমতাবস্থায় অনতিবিলম্বে জনস্বার্থে প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এই ঝুকিপূর্ণ ভবনটি অপসারণ করার জন্য যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের নিকট স্থানীয় সচেতন মহল, মুসল্লি, পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থীবৃন্দসহ সকলের আকুল আবেদন।













