ওবায়দুল কাদের বলেন, ক্যামেরার সামনে ফটোসেশন নয়, ওয়ার্ডগুলো কতটা পরিচ্ছন্ন হয়েছে, প্রধানমন্ত্রী তা জানতে চেয়েছেন।
ডেঙ্গুর বিষয়ে করণীয় ঠিক করতে মঙ্গলবার এই জরুরী সভা করেছে আওয়ামী লীগ। সভায় ঢাকা শহরের ওয়ার্ডগুলো পরিষ্কারের বিষয়ে জানতে চান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে পরিচ্ছন্নতার বিষয়ে কোন সদুত্তর দিতে পারেনি স্থানীয় কাউন্সিলরসহ সংশ্লিষ্টরা।
এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, ক্যামেরার সামনে ফটোসেশন নয়, ওয়ার্ডগুলো কতটা পরিচ্ছন্ন হয়েছে তা প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন।
ঈদের সময় ডেঙ্গুজ্বর বিস্তারের আশঙ্কা আছে উল্লেখ করে দায়সারা গোছের কর্মসূচি না করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা নামকাওয়াস্তে প্রোগ্রাম পালন করে দায়িত্ব শেষ করে দিলে কোন লাভ হবে না।
ঢাকা শহরকে গ্রিন করার চ্যালেঞ্জ নিয়ে সংশ্লিষ্ট সবাইকে মাঠে নামার নির্দেশও দেন তিনি। ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর চারটি নোংরা শহরের মধ্যে চার নম্বরে আমাদের অবস্থান। কাজেই ঢাকাকে ক্লিন ও গ্রিন করতে হবে।
ডেঙ্গু প্রসঙ্গে বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, মিডিয়া না থাকলে তাদের দলের অস্তিত্ব থাকতো না।













