বোয়ালখালীর ইউএনও’র বিরুদ্ধে শ্লীনতাহানির অভিযোগ

0
18

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) বিরুদ্ধে শ্লীনতাহানির অভিযোগ করেছেন একই উপজেলার এক নারী কর্মকর্তা। 

বৃহস্পতিবার (৮ আগষ্ট) চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন বোয়ালখালী উপজেলার তথ্যসেবা কর্মকর্তা। জেলা প্রশাসক বরাবর করা চিঠিতে ওই নারী কর্মকর্তা দাবি করেছেন, গতকাল (৭ আগস্ট) দুপুর আড়াইটার সময় ইউএনও (ভারপ্রাপ্ত) তাকে উনার রুমে ডেকে নিয়ে যান। এসময় ইউএনও’র কক্ষে ৩ জন ব্যক্তি উপস্থিত ছিলেন। তাদের সামনেই ইউএনও তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এসময় তিনি কান্না করে দেন। এরপর ঐতিন ব্যক্তি বের হয়ে গেলে ইউএনও চেয়ার থেকে উঠে এসে তার হাত ধরেন এবং তাকে জড়িয়ে ধরে শারীরিকভাবে নিগৃহীত করেন।

এসব ঘটনার প্রেক্ষিতে অফিসে যেতে অনিরাপদ বোধ করছেন উল্লেখ করে এর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তথ্যসেবা কর্মকর্তা।

এদিকে অভিযোগের বিষয়ে তদন্ত করার জন্য চট্টগ্রামের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ইয়াছমিন পারভীন তিবরীজিকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

তিনি সিভয়েসকে বলেন, ‘বোয়ালখালীর এক নারী কর্মকর্তা ওখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে শ্লীনতাহানির অভিযোগ করেছেন। আমি বিষয়টা তদন্তের জন্য স্থানীয় সরকারের উপ পরিচালককে দায়িত্ব দিয়েছি। ঘটনার সত্যতা কতটুকু তা নিশ্চিত হয়ে এই বিষয়ে কথা বলবো।

এই বিষয়ে বিস্তারিত জানতে অভিযোগকারীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনা অভিযোগ পত্রে যা পড়েছেন তাই। আপাতত এর বেশি কিছু বলতে চাচ্ছিনা।

তবে এই ধরণের কোন ঘটনা ঘটেনি দাবি করে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকরামুল সিদ্দিকী সিভয়েসকে বলেন,  তথ্য সেবা অফিসটা একটা প্রকল্পের আওতায় চলে। এই অফিসে মহিউদ্দিন নামে বিতর্কিত এক লোক নিয়মিত আড্ডা দিত। যার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের ব্যাপক অভিযোগ রয়েছে। তথ্য সেবা কর্মকর্তা ও মহিউদ্দিনকে ঘিরে নানা কথাবার্তাও শোনা যেত।  বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আমরা তাকে উপজেলা থেকে বের করে দিয়েছি। সম্প্রতি নারী ও শিশুদের সচেতনতা তৈরিতে একটি প্রকল্পের কমিটি করার কথা ছিল। যেটাতে আমার একজন প্রতিনিধি থাকার কথা। আমি বলেছিলাম একজন সাংবাদিককে আমার প্রতিনিধি করে এই কমিটিতে রাখতে। কাল বোয়ালখালী প্রেস ক্লাবের কয়েকজন আমাকে জানালেন ইতোমধ্যে এই কমিটি গঠন করা হয়েছে । বিতর্কিত সেই মহিউদ্দিনকেও সেই কমিটিতে রাখা হয়েছে। তখন উনাদের সামনেই আমি তথ্য কর্মকর্তাকে ডেকে জিজ্ঞেস করেছি আমার সাথে কথা না বলে কেন কমিটি করেছেন। সেসময় আমি উনাকে বলেছি মহিউদ্দিন অনেক বিতর্কিত। তাকে নিয়ে আপনাদের জড়িয়ে নানা কথাবার্তা হচ্ছে। আপনারা একটু এসব ব্যাপারে সতর্ক থাকবেন। ঘটনা এটুকুই। এখন শুনলাম তিনি আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। সুত্রঃ সিভয়েস

আগেযুদ্ধে জড়াচ্ছে ভারত-পাকিস্তান?
পরেচকরিয়ায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার