পেকুয়া প্রতিনিধিঃ
পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় মাহমুদ মিয়া (২০) নামের এক পথচারী যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার টইটং বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক টইটং ইউনিয়নের বটতলি এলাকার কবির আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, শুক্রবার সকালে রাজাখালীর আরব শাহ বাজারে লাকড়ি বিক্রি করতে যায় মাহমুদ মিয়া। সেখান থেকে ফেরার পথে টইটং বাজার এলাকায় দ্রুত গতির একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এসময় বাজারের ব্যবসায়ীরা এগিয়ে এসে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে পেকুয়া সরকারী হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
নিহত মাহমদ মিয়ার স্বজনরা জানান, ঘাতক সিএনজি অটোরিকশাটির চালক খোরশেদ আলম অদক্ষ ছিলেন। সে আজ সবেমাত্র গাড়ি চালানো শুরু করেছিল। অদক্ষ চালকের কারণে তাজা একটা প্রাণ ঝরে গেল।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, ‘ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়। তাই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’













