কক্সবাজার খবর ডেস্কঃ
চট্টগ্রামের আনোয়ারায় ঘুষের টাকাসহ হাতেনাতে মো. শহীদুল হক নামে এক সার্ভেয়ারকে আটক করেছে দুদক। বুধবার (৪ আগস্ট) রাত সাড়ে আটটায় উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত ওই সার্ভেয়ার উপজেলার ডিজিটাল ভূমি জরিপ কাজে নিয়োজিত ছিল।
দুদক কর্মকর্তা জানান, জরিপ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবরে অভিযোগ করে স্থানীয়রা। এ অভিযোগের ভিত্তিতে ঘুষের ২০ হাজার টাকাসহ সার্ভেয়ার মো. শহীদুল হককে হাতেনাতে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বটতলী গ্রামের পূর্ব তুলাতলীমৌজার ডিজিটাল ভূমি জরিপ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভূমি মালিকদের কাছ থেকে চাওয়া হয় অর্থ। আর তা না পেলে জরিপ কর্মীরা জমি খাস অথবা প্রকৃত মালিক বাদ দিয়ে অন্যের নামে রেকর্ড দেওয়ার ভয় দেখিয়ে হাতিয়ে নেয় মোটা অংকের টাকা। জরিপ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে স্থানীয়রা জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবরে সুজন, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ রহিম, মোহাম্মদ বেলাল ও মোহাম্মদ কাইয়ূমসহ জরিপ কাজে নিয়োজিত সার্ভেয়ার ও কর্মকর্তাদের বিরুদ্ধে গত ২৩ জুলাই অভিযোগ করেন।
এ ব্যাপারে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জরিপ পরিচালনা কমিটির সভাপতি শেখ জোবায়ের আহমদের বলেন, দুর্নীতির অভিযোগে ঘুষের টাকাসহ সার্ভেয়ার মো. শহীদুল হককে হাতেনাতে আটক করেছে দুদক। ঘুষ বাণিজ্যের অভিযোগ আরও পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।











