চকরিয়ায় পৌরশহরকে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান

0
6

এম.মনছুর আলম,চকরিয়া:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহরে যানজট নিরসনকল্পে রাস্তার দু’পাশে ও ফুটপাত এলাকা অবৈধ দখলমুক্ত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে। মহাসড়কের পাশের এ ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে যাচ্ছে দুই শতাধিক হকার। সোমবার (২৩সেপ্টেম্বর) বিকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পৌরসভার সার্বিক সহয়তায় উপজেলা প্রশাসন এ ফুটপাত উচ্ছেদের অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তানভীর হোসেন। এ সময় পৌরসভার সচিব মাসউদ মোরশে, চকরিয়া থানার একদল পুলিশ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযানকালে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট পৌরসভার মহাসড়কস্থ রাস্তার দুই পাশের ও ফুটপাতের সকল অবৈধ হকারদের উচ্ছেদ করে কয়েকটি ভাসমান দোকানকে জরিমানা করা হয়৷ এছাড়াও নির্ধারিত স্টেশন ছাড়া সড়কের মধ্যে যত্রতত্র গাড়ি দাঁড়ানোর জন্য দুটি বাসকে জরিমানা করা হয় এবং রাস্তায় বালু রেখে চলাচল পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে পৌর শহরের একটি মার্কেটের মালিককে অর্থদন্ড করা হয়েছে৷ একই সাথে চিরিঙ্গা পৌরশহরের একটি দোকানে অবৈধ পলিথিন রাখার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিনটি দোকান এবং একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে। অবৈধ পলিথিন রাখার দায়ে ওই ব্যবসায়ীকে অর্থদন্ডে দন্ডিত করা হয়৷ চকরিয়া পৌর শহরের সোসাইটি এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ফুটপাত দখল করে প্রতিদিন দুই শতাধিক ভাসমান পণ্যের পসরা নিয়ে বসতেন। এতে সবচেয়ে বেশি সমস্যা হতো পথচারীদের। ফুটপাতে ভাসমান দোকান বসার কারণে নিত্যদিন লেগে থাকতো যানজট। অভিযানের কারণে বর্তমান ফুটপাত দিয়ে স্বচ্ছন্দ্যে চলাচল করা যাচ্ছে।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তানভীর হোসেন বলেন, পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করে যানজট নিরসনকল্পে অভিযান পরিচালনা করা হয়। কিছু হকার রাস্তা দখল করে দীর্ঘদিন ধরে ফুটপাতের ওপরে ব্যবসা চালিয়ে আসছিল। এসব ব্যবসায়ীরা দখল না ছাড়ার কারণে উচ্ছেদ অভিযান চালানো হয়। যানজট নিরসনকল্পে যেকোনো উপায়ে ফুটপাত দখলমুক্ত রাখা হবে বলে তিনি জানান।

আগেকক্সবাজারে সাড়ে ৯ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক
পরেদুই এমপি নায়িকার নাচ ভাইরাল