রামু প্রতিনিধিঃ
রামু ক্রিকেট স্কুল এর যাত্রা শুরু হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকালে রামু খিজারী সরকারি উচ্চ
বিদ্যালয় স্টেডিয়ামে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রামু উপজেলা ক্রীড়া
সংস্থার সাধারণ সম্পাদক, সাবেক ইউপি সদস্য রেফারি সুবীর বড়–য়া বুলু। তিনি বলেন, জনপ্রিয় এ
খেলায় বাংলাদেশ ক্রিকেট দল আর্ন্তজাতিক ক্রীড়াঙ্গনে ধারবাহিকভাবে অসাধারণ ক্রীড়া নৈপূণ্য
প্রদর্শন করে আসছে। এ ধারাহিকতা ধরে রাখতে হলে দেশের আনাচে-কানাচে ক্ষুদে ক্রিকেটার গড়ে
তুলতে হবে। যারা হবে আগামীর সম্ভাবনাময় ক্রিকেটার। এভাবে রামু ক্রিকেট স্কুল প্রতিভাধর
ক্রিকেটার সৃষ্টিতে ভূমিকা রাখবে।
এতে বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক ও ছড়াকার সোয়েব সাঈদ বলেন, ক্রীড়াঙ্গনে রামুর
গৌরবোজ্জ্বল খ্যাতি রয়েছে। রামুর অনেক ফুটবলার বর্তমানে জাতীয় দল এবং দেশের বিভিন্ন স্বনামধন্য
দলের হয়ে খেলছে। ক্রিকেট খেলায়ও দক্ষ খেলোয়াড় সৃষ্টির মাধ্যমে রামুর এ খ্যাতি ধরে রাখতে হবে।
রামু ক্রিকেট স্কুল পরিচালনা পরিষদের আহ্বায়ক জিয়াউল হক বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে
স্বাগত বক্তব্যে সদস্য সচিব পাভেল শর্মা নয়ন জানান, অচিরেই আরো বৃহৎ আনুষ্ঠানিকতায় রামু
ক্রিকেট স্কুলের আত্মপ্রকাশ করা হবে। তিনি এ ক্রীড়া প্রতিষ্ঠানটির পথচলায় সকলের সহযোগিতা
কামনা করেন।
অনুষ্ঠানে রামু ক্রিকেট স্কুল এর কোচ নুর মোহাম্মদ মামুন, রামু ক্রিকেট স্কুল এর পরিচালনা
পরিষদের সদস্য মোসাদ্দেক আদিল, আকাশ দে, সাকিব, জুনায়েদ, প্রসেনজিৎ দে, আমানুল্লাহ
প্রমূখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে রামু ক্রিকেট স্কুলের ২৮ জন শিক্ষার্থী প্রশিক্ষণে অংশ নেন।













