কক্সবাজার খবর ডেস্কঃ
বিশেষ অভিযান চালিয়ে বিশ হাজার পিস ইয়াবাসহ মো. তৈয়ব (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে অভিযানে টেকনাফ থানাধীন বড় হাবিব পাড়া গ্রামের জামে মসজিদ সংলগ্ন কবর স্থানের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ী মো. তৈয়ব হলেন কক্সবাজার টেকনাফ থানার বড় হাবিব পাড়ার মো. রশিদ আহাম্মদের পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশান টেকনাফের স্টেশান কমান্ডার লে. কমান্ডার এম সোহেল রানার নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ড। অভিযানে টেকনাফ থানাধীন বড় হাবিব পাড়া গ্রামের জামে মসজিদ সংলগ্ন কবর স্থানের পার্শ্বে হতে মো. তৈয়ব নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বিশ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
আটককৃত ইয়াবা ও মাদক ব্যবসায়ী তৈয়বকে পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম।













