কক্সবাজার খবর ডেস্কঃ
কক্সবাজারের পেকুয়ায় যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২১শ পিছ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। বুধবার (২৫সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকায় একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশায় তল্লাশী চালিয়ে ওসি কামরুল আজমের নেতৃত্বে এএসআই নাছির উদ্দিনের সহযোগিতায় একদল পুলিশ তাদের আটক করে।
আটক দুই যুবক হলেন রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ধোয়া পালং এলাকার রমিজ উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (২০) ও মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মাহারা পাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে আব্দু রশিদ (২২)।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা যোগে ইয়াবা বড়ি পাচার করা হচ্ছিল। এ সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে যুবক হেলাল উদ্দিন ও আব্দু রশিদকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি করে ২১শ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
বিশেষ কৌশলে হেলাল উদ্দিনের পায়ে বেঁধে রাখা হয়েছিল ১৫শ পিচ ইয়াবা বড়ি। আব্দুর রশিদের পকেটে ছিল ৬শ পিচ ইয়াবা বড়ি। তিনি আরো বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে। সুত্রঃ আমার কক্সবাজার













