টেকনাফ প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা ইয়াবা পাচারকারী নিহত হয়েছে। এসময় আহত হয় তিন বিজিবি সদস্য।
ঘটনাস্থল থেকে ৭০ হাজার ইয়াবা, একটি দেশীয় তৈরী অস্ত্র ও ধারালো কিরিস উদ্ধার করা হয়।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার হ্নীলা ইউপির নাফনদীর জালিয়াপাড়া পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মিয়ানমারের মংডু জেলার নাককুড়া থানার বুড়া সিকদারপাড়া এলাকার মৃত মোস্তাক আহমদের ছেলে (১৮) ও দিল আহমদের ছেলে দুস্ত মোহাম্মদ (১৮)।
সকাল নয়টার দিকে টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, নাফনদীর মোহনা দিয়ে একটি ইয়াবার চালান আসছে এমন সংবাদে অভিযানে যায় বিজিবি।
এসময় পাচারকারী বিজিবিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে এসব মাদক ও দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়।













