
কক্সবাজার খবর ডেস্কঃ
উখিয়ার কুতুপালং বাজারে অভিযান চালিয়ে ২৩০টি এমপিটি সিমকার্ডসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
বুধবার (২ অক্টোবর) রাতে কুতুপালং বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গা যুবক হলেন- উখিয়ায় আশ্রিত বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প ১-এর আওতাধীন ব্লক-এ ৩২-এর নুরুল আলমের ছেলে মো. করিম (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রমতে মিয়ানমার থেকে সুকৌশলে রোহিঙ্গাদের ব্যবহারের জন্য সিমকার্ডগুলো আনা হয়েছিল।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)আবুল মনসুর পূর্বকোণকে বলেন, মিয়ানমার থেকে সিমকার্ডগুলো নিয়ে এসেছিল এক রোহিঙ্গা। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কুতুপালং বাজারে অভিযান চালিয়ে ক্যাম্পে বিক্রি করতে আনা ২৩০টি মিয়ানমারের সিমসহ ওই রোহিঙ্গা যুবককে আটক করতে সক্ষম হই। আটক রোহিঙ্গা যুবকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-(২) উখিয়া থানায় মামলা করা হয়েছে।
সম্প্রতি রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী বাহিনী দ্বারা খুন-নির্যাতন, মাদক সংশ্লিষ্টতা, প্রত্যাবাসনে একজনও রাজি না হওয়া এবং রোহিঙ্গাদের মহাসমাবেশের মতো নানা ঘটনায় দেশব্যাপী বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হলে শরণার্থী শিবিরগুলোতে প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানোর পাশাপাশি সরকার বিভিন্ন মোবাইল অপারেটরের থ্রিজি, ফোরজি নেটওয়ার্ক বন্ধ রাখার ঘোষণা দেয়।
ফলে এক মাস ধরে বিভিন্ন মোবাইল অপারেটরের দুর্বল নেটওয়ার্ক দিয়ে নিজেদের মধ্যে সক্রিয় যোগাযোগ করতে না পেরে মিয়ানমারের নেটওয়ার্ক নির্ভর হয়ে পড়েছে আশ্রিত রোহিঙ্গারা। এতে করে স্থানীয়রা মোবাইল নেটওয়ার্ক ভোগান্তিতে পড়লেও আত্মীয়স্বজনদের মাধ্যমে ঠিকই মিয়ানমার থেকে সিমকার্ড এনে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আশ্রিত রোহিঙ্গারা












