
ইসলামকে যুগোপযোগী নয় বরং যুগকে ইসলাম উপোযোগী করতে হবে বলে মন্তব্য করেছেন দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী ৷
হাদীসের কিতাব মিশকাত শরীফ”বাবু মাসাহ আলাল খুফ্ফাইন তথা চামড়ার মোজার উপর মাসাহ এর অধ্যায়ে বর্ণিত এক হাদীসের ব্যখ্যায় তিনি এ মন্তব্য করেন৷
হযরত আলী রা. সূত্রে বর্ণিত হাদীসে হযরত আলী রা.বলেন, ইসলাম যদি যুক্তিনির্ভরশীল ধর্ম হতো তাহলে চামড়ার মোজার উপরের অংশে মাসাহ না করে নীচের অংশে মাসাহ করা হতো৷ অথচ আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাকে চামড়ার মোজার উপরে অংশে মাসাহ করতে দেখেছি৷ (নং হাদীস ৫২৫)
উক্ত হাদীসের ব্যখ্যায় আল্লামা বাবুনগরী বলেন, বর্তমান আধুনিক বিজ্ঞানের এ যুগে সকলেই ইসলামকে যুগোপযোগী করতে চায় কিন্তু সঠিক এবং চিরন্তন সত্য কথা হলো ইসলামকে যুগোপযেগী করা যাবে না বরং যুগকে ইসলাম উপযোগী করতে হবে৷ যুক্তি দিয়ে ইসলাম বুঝা যায় না বরং যুক্তিকে ইসলাম দিয়ে বুঝতে হয়৷
তিনি আরো বলেন, সাইন্সের এ যুগে আধুনিকতার নামে যা কিছু হচ্ছ সবই মানব সৃষ্ট বা মানব রচিত৷ পক্ষান্তরে ইসলামের যাবতীয় বিধিবিধান হলো আল্লাহ প্রদত্ত৷ মানব রচিত বিধিবিধানে ভুল হওয়া স্বাভাবিক, ভুল হতে পারে৷ কিন্তু আল্লাহ প্রদত্ত বিধিবিধানে কস্মিনকালেও ভুল হবে না, হতে পারে না৷ তাই যারা ইসলামকে যুগোপযোগী করার শ্লোগান দেয় তাদের উচিত যুগকে ইসলাম উপযোগী করা৷ তাহলেই কেবল শান্তি এবং নিরাপত্তার দ্বার উন্মোচিত হবে৷
সূত্র : ইনসাফ ২৪













