
প্রেস বিজ্ঞপ্তি
এবছরের জেডিসি- জেএসসি, ইবতেদায়ী ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহনকারীদের সফলতা কামনায় দু’আ মাহফিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা। ১ নভেম্বর ( জুমাবার) বাদে মাগরিব অনুষ্ঠিত দু’আ মাহফিলে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। তিনি প্রিয় পরীক্ষার্থীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, মেধা ও উন্নত নৈতিক চরিত্রের সমন্বয় সাধন করা না হলে আদর্শ জনগোষ্ঠী তৈরি সুদূর পরাহত হয়ে যাবে। তাই মেধাবী শিক্ষার্থীদের স্বতন্ত্র পাঠশালাখ্যাত ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ নবভী।আদর্শের আলোকে আদর্শ মানুষ গড়ার অনুষদ হিসেবে কাজ করছে। তিনি আরও বলেন, সমৃদ্ধ জীবনের আকাঙ্ক্ষায় শ্রম ও সাধনার এ পথপরিক্রমার
গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে মনে রাখতে হবে এ পরীক্ষা শেষ পরীক্ষা নয়; পরকালীন জীবনে মহান আল্লাহর সামনে হিসাব-নিকাশের যে পরীক্ষা দিতে হবে সেটিই চুড়ান্ত পরীক্ষা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে নবভী আদর্শের আলোকে জীবন গড়ার সঙ্কল্পে ইসলামী ছাত্রসমাজের পতাকাতলে সমবেত হতে হবে।
কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলীর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, যুগ্ম সম্পাদক মুহাম্মদ জায়নুল আবেদীন, প্রচার সম্পাদক মুহাম্মদ আব্দুল করিম, ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ অলিউল্লাহ, রামু উপজেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ জায়নুল আবেদীন, ছাত্রনেতা মুহাম্মদ সিরাজুল মোস্তফা প্রমুখ।
শেষে এবারের জেডিসি- জেএসসি, ইবতেদায়ী ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহনকারীদের সফলতা কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করা হয়।













