প্রেস বিজ্ঞপ্তি
ঐতিহাসিক বিজয় দিবস উপলক্ষে রামু লেখক ফোরামের আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর, সোমবার সকাল ১০ টায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় “স্বাধীনতার ৪৮ বছরঃ প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সংগঠনের উপদেষ্টা প্রাবন্ধিক, সমাজ ও রাজনীতি বিশ্লেষক আখতারুল আলম।
সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সহ-সভাপতি হাফেজ সাইফুল ইসলাম। সভায় বিশেষ আলোচক ছিলেন, কবি কাজী মোহাম্মদ আলী, কবি এম. সুলতান আহমদ মনীরী, সংগঠনের উপদেষ্টা, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এড. হোসাইন আহমদ আনছারী, রম্য আলো সম্পাদক মোহাম্মদ হোসেন, এম. আতাউর রহমান।
এছাড়াও আলোচনায় অংশ নেন, মাদ্রাসা শিক্ষক মুহাম্মদ সাইফুল্লাহ, তরুণ লেখক নুরুল আবছার, সাইফুল ইসলাম, কামরুজ্জামান। সভায় স্বরচিত দেশাত্মবোধক কবিতা আবৃত্তি করেন, হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, নবীন লেখক হাফেজ জয়নাল আবেদীন, মুহাম্মদ আব্দুল্লাহ ইয়াছিন।
অনুষ্ঠানে উপস্থাপতি প্রবন্ধে বলা হয়, আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতার জন্য স্থাপন করতে হয়েছে আত্মদানের বিরল দৃষ্টান্ত, পেশ করতে হয়েছে ত্যাগের সর্বোচ্চ নজরানা। বাংলার সূর্য সন্তানেরা পাকিস্তানী শাসকগোষ্ঠির চরম বৈষম্য ও লাঞ্ছনা-বঞ্চনার অবসান ঘটাতে ১৯৭১ সালে ঝাঁপিয়ে পড়েন মাতৃভূমির স্বাধীনতা সংগ্রামে। লাখো শহীদের তাজা রক্তের বিনিময়ে ১৯৭১’র ১৬ ডিসেম্বর এসেছে স্বাধীনতা, এসেছে বিজয়, পেয়েছি লাল-সবুজের পতাকা। বিশ্ব মানচিত্রে আসন গড়ে নেয় বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্র। কিন্তু স্বাধীন বাংলাদেশের ৪৮ বছরেও আমাদের স্বাধীনতা অর্থবহ হয়ে উঠেনি। আজও বহুমুখী আগ্রাসনে জর্জরিত রক্তার্জিত আমাদের এই স্বাধীনতা। এমন ক্রান্তিকালে রক্তে পাওয়া স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও অর্থবহ করতে নাগরিকের মৌলিক ও মানবাধিকার সুপ্রতিষ্ঠিত করার কোন বিকল্প নেই।
সভায় স্বাধীনতা সংগ্রামে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি -সমৃদ্ধি কামনা করে বিশেষ দুআ করা হয়।