
কক্সবাজার খবর ডেস্কঃ
মহামারি করোনাভাইরাসের কারণে কর্মহীন মানুষের জন্য বরাদ্দ দেওয়া সরকারি ত্রাণ বিতরণে অনিয়ম করলেই ব্যবস্থা নিবে সরকার। শনিবার (১১ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগ হতে এবিষয়ে অফিস আদেশে জারি করা হয়েছে।
উপ সচিব মো.এরশাদুল হক স্বাক্ষরিত আদেশটিতে উল্লেখ করা হয়, দেশে করোনা ভাইরাসের কারণে শহর ও গ্রামে বিপুল সংখ্যক মানুষের আয়-রোজগারের পথ বন্ধ হয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সব ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য সহায়তা হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/ দপ্তর/সংস্থা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ নিজস্ব অর্থায়নে ত্রাণ কার্যক্রম যেমন-চাল, নগদ অর্থ, শিশু খাদ্য ও অন্যান্য সামগ্রী বিতরণ করছে। প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা/অনুশাসনের আলোকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের জনপ্রতিনিধি এবং কর্মকর্তা/কর্মচারীরা তৃণমূল পর্যায়ে ত্রাণ সামগ্রী বিতরণ কাজে সরাসরি সম্পৃক্ত হয়েছেন। কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্র-পত্রিকার মাধ্যমে জানা যায় যে, কোথাও কোথাও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি ও কর্মকর্তা/কর্মচারীরা ত্রাণ বিতরণে অনিয়ম/দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন।
এরূপ অনিয়ম/দুর্নীতিতে জড়িত জনপ্রতিনিধি ও কর্মকর্তা/কর্মচারীদের সাময়িক বরখাস্তকরণ, তাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা রুজুসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণকে অনিয়ম/দুর্নীতির বিষয়ে সুনিদিষ্ট তথ্য-প্রমাণসহ প্রতিবেদন তাৎক্ষণিকভাবে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর জন্যও অনুরোধ করা হয়













