
সিবিকে ডেস্কঃ
দা ওয়ার্ল্ড বৌদ্ধ শাসন সেবক সংঘের প্রতিষ্ঠাতা ও পার্বত্য চট্টগ্রামের অন্যতম বৌদ্ধ ধর্মীয় গুরু উ পঞ ঞঁা জোত মহাথের (উচহ্লা ভান্তে ) পরলোক গমন করেছেন। আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রামস্থ ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সকালে তার লাইফ সাপোর্ট চিকিৎসকরা খুলে নেন।
গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তিনি ম্যাক্স হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। ভান্তের পারিবারের সদস্য ও বান্দরবানের পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. অং চালু মারমা জানিয়েছেন, দুইদিন লাইফ সাপোর্টে থাকার পর আজ সকালে পরিবারের সদস্যদের সিদ্ধান্তক্রমে লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়। দুপুরে পরিবারের সদস্যরা বিষয়টি গণমাধ্যমকে জানাবেন। এদিকে এই বৌদ্ধ ভিক্ষুর মরদেহ চট্টগ্রাম হতে রাউজানের খৈয়াখালি বৌদ্ধ বিহারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ধর্মীয় অনুষ্ঠানাদি সম্পন্ন করার পর বুধবার মরদেহ বান্দরবান নিয়ে আসা হবে। এদিকে এই বৌদ্ধ ভিক্ষুর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দেশের বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান খ্যাত বান্দরবানের অনন্য স্থাপণা বুদ্ধ ধাতু জাদি (স্বর্ণ জাদি) ও রামা জাদির প্রতিষ্ঠাতা এই বুদ্ধ ধর্মীয় গুরু। দেশ-বিদেশে এই বৌদ্ধ ভিক্ষুর অসংখ্য শিষ্য রয়েছে।











