
চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে এক শিশুর পর এবার এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। এ নিয়ে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হলো। এদিকে নমুনা পরীক্ষায় চট্টগ্রামে আরও দুই ব্যক্তির শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার দুপুরে মারা যাওয়া এই নারীর বয়স ৫০ বছর। তার বাসা নগরীর কোতোয়ালি থানা এলাকার সরাইপাড়ায়।
এর আগে ৯ এপ্রিল এক বৃদ্ধ করোনা উপসর্গ নিয়ে মারা যান। পরে ১১ এপ্রিল নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। এরপর রবিবার (১২ এপ্রিল) রাতে ৬ বছর বয়সী এক শিশু করোনায় মারা যায়।
ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, সোমবার শ্বাসকষ্ট নিয়ে ৫০ বছর বয়সী ওই নারী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। পরে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।
এদিকে নমুনা পরীক্ষায় চট্টগ্রামে আরও দুই জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার ফৌজদার হাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। এ নিয়ে চট্টগ্রামে মোট ১৬ জনের করোনা শনাক্ত হলো।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার বিআইটিআইডিতে ১০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে দুই জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। শনাক্তদের একজনের বাসা নগরীর কোতোয়ালি এলাকায়। অন্যজনের বাসা পাহাড়তলী এলাকায়।
গত ৩ এপ্রিল চট্টগ্রামের দামপাড়ায় ৬৭ বছর বয়সী এক ব্যক্তির শরীরে প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে। ৫ এপ্রিল ওই ব্যক্তির ২৫ বছর বয়সী ছেলের শরীরেও করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর গত ৮ এপ্রিল তিন জন, ১০ এপ্রিল দুই জন, ১১ এপ্রিল আরও দুই জনের শরীরে করোনা পাওয়া যায়। এরপর রবিবার আরও পাঁচ জনের শরীরে করোনা শনাক্ত হয়।











