
অনলাইন ডেস্কঃ
চুল কাটাতে ও শেভ করতে সেলুনে গিয়ে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হলেন ছয় ব্যক্তি। ভারতের মধ্যপ্রদেশের একটি গ্রামে এই ঘটনা ঘটেছে।
শনিবার এনডিটিভি জানায়, সেলুনে গিয়ে চুল কাটানো ও শেভ করার পর করোনা টেস্টে ছয়জনেরই পজেটিভ এসেছে।
মধ্যপ্রদেশের খারগোন জেলার বারগাঁও গ্রামে অবস্থিত সেলুনটি।
এই ঘটনার পর পুরো গ্রাম সিল করে দিয়েছে পুলিশ।
জানা যায়, সেলুনের নাপিত ওই ছয় ব্যক্তির চুল কাটা ও শেভ করার ক্ষেত্রে একই কাপড় ব্যবহার করেছিলেন।
স্থানীয় এক অধিবাসী ইন্দোরে হোটেলে কাজ করেন। সম্প্রতি তিনি গ্রামের বাড়িতে ফিরে আসেন। গত ৫ এপ্রিল গ্রামের ওই সেলুনে তিনি চুল কাটান। পরে তার করোনা শনাক্ত হয়।
খারগোনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, একই দিন ওই সেলুনে গিয়েছিলেন এমন আরও ১২ জনকে চিহ্নিত করে করোনা পরীক্ষা করা হয়। এতে ছয়জনের করোনা ধরা পড়েছে।
সেলুনটির নাপিতেরও করোনা পরীক্ষা করা হয়, তবে পরীক্ষায় না তার করোনা নেগেটিভ আসে।
খারগোন জেলার ওই গ্রামটিতে এখন পর্যন্ত ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন ৬ জন।
এদিকে ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত ২৬ হাজারের বেশি, মারা গেছেন ৮২৫ জন।













