
নারায়ণগঞ্জ শহরের খানপুরের হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা যায় এক নারী (৩৫) । পরে হাসপাতাল থেকে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি । এমন কি লাশ নিতেও আসেনি স্বজনরা। শেষে রবিবার ( ১০ মে) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ওই নারীর দাফন সম্পন্ন হয়। ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম জানান, করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হলে লাশ ফেলে চলে যান ওই নারীর স্বজনরা। পরে সিটি করপোরেশনের মেয়রকে অবহিত করা হলে তিনি লাশ বহনের গাড়ি ও দাফনের ব্যবস্থা করেন।
তিনি বলেন, আমি স্থানীয় কাউন্সিলর হিসেবে ওই নারীর হাসপাতাল থেকে লাশ গ্রহণ করে দাফনের জন্য হস্তান্তর করেছি। শনিবার রাতে করোনায় আক্রান্ত হয়ে ওই নারীর মৃত্যু হয়। লাশ নিতে পরিবারের কেউ আসেনি। মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি। মৃত নারীর বাড়ি নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় বলে জানা গেছে।













