
সিবিকে ডেস্কঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পটিয়া সীমান্ত সংলগ্ন দুর্গম পাহাড়ী এলাকায় একটি অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র্যাব-৭।
বৃহস্পতিবার (১৪ মে) ভোর থেকে দুপুর পর্যন্ত অভিযানে এই অস্ত্র কারখানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই অস্ত্র কারিগরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. রোকন (৩৮) ও মো. আবদুল (৩২)।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন অস্ত্র কারখানার সন্ধানের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া উপজেলার পটিয়া সীমান্তের বাইল্যার বাপের ঢেবা নামক দুর্গম পাহাড়ে অভিযান চালানো হয়।
পাহাড়ের উপর পলিথিন ও বাঁশ দিয়ে তৈরি একটি ঘর বানিয়ে সেখানে অস্ত্র তৈরি করছিল সংঘবদ্ধ চক্র। গ্রেপ্তার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ের এ কারখানায় অস্ত্র তৈরি করে আসছিল। এসব অস্ত্র পটিয়া, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়িসহ পার্শ্ববতী বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের কাছে বিক্রি করত তারা।
এই অস্ত্র কারখানা থেকে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে চারটি দেশিয় তৈরি ওয়ান শুটারগান, তিন রাউন্ড তাজা কার্তুজ, ১০ রাউন্ড খালি খোসা এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম।











