
রামু প্রতিনিধিঃ
রামুর রশিদ নগরে দীর্ঘ দিনের জন সাধারণের চলাচলের রাস্তা থেকে মাটি কেটে রাস্তা বিলীন করার পায়তারা চালাচ্ছে বলে জানা গেছে। এব্যাপারে স্থানীয় গণ্যমান্য ২৯ব্যক্তির স্বাক্ষর সম্বলিত রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সুত্রে জানা যায় রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের পানির ছড়া মুরাপাড়া এলাকায় বি.এস, ৭৬৭০ দাগের পাহাড়ী খাস রাস্তাটির উপর দিয়ে দীর্ঘ ৪৫বছর যাবৎ জনসাধারণ চলাচল করে আসছে। এছাড়াও এই রাস্তা দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ, টমটম, সিএনজি ও বিভিন্ন মিনি গণপরিবহনের চলাচল রয়েছে। এদিকে গত ১৩ জুলাই বড় ধলিরছড়া এলাকার মরহুম আবদু রশিদ এর পুত্র মোহাম্মদ হোছন, সুলতান আহাম্মদ, মোহাম্মদ আলীসহ ১০/১৫ জন ভাড়াটে লোকজন এনে রাস্তা থেকে তাদের নাল জমি ভরাটের জন্য মাটি কাটার চেষ্টা করলে স্থানীয় লোকজন বাধা দেয়। এক পর্যায়ে সাধারণ মানুষের বাধার মুখে ঘটনারদিন তারা চলে গেলেও পরবর্তী যে কোন সময় আবার রাস্তা থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখে এবং মাটি কাটায় বাধা প্রদানকারীদের প্রতিনিয়ত তারা নানা প্রকার হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। এই ঘটনায় স্থানীয় জনসাধারণ রামু উপজেলা প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্তের মাধ্যমে মানুষের দীর্ঘদিনের চলাচলের রাস্তাটি রক্ষা করার দাবী জানিয়েছেন।











