
সিবিকে ডেস্কঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে প্রবাসী আব্দুস সালামকে হত্যার দায়ে আপন ভাইকে মৃত্যুদণ্ড ও মা-বোনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত এ আদেশ দেন। একইসঙ্গে দণ্ডিত তিন আসামির প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
হত্যাকাণ্ডের শিকার আব্দুস সালাম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। মৃত্যুদণ্ড দণ্ডিত আসামি মো. আজম আব্দুর রাজ্জাকের আরেক ছেলে। যাবজ্জীবন দণ্ড পেয়েছেন রাজ্জাকের স্ত্রী ফরিদা বেগম ও মেয়ে কামরুন নাহার
অতিরিক্ত জেলা পিপি লোকমান হোসেন চৌধুরী জানান, ঘটনার প্রায় ১১ বছর পর আজ এ মামলার রায় ঘোষণা হয়েছে। পুরো বিচার প্রক্রিয়ায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন বিচারক। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. আজম ঘটনার পর থেকে পলাতক আছেন। ফরিদা ও কামরুন নাহার যুক্তিতর্ক শুনানি পর্যন্ত নিয়মিত আদালতে হাজির থাকলেও রায় ঘোষণার সময় অনুপস্থিত ছিলেন। এছাড়া আসামি আব্দুর রাজ্জাক (খুনের শিকার আব্দুস সালামের বাবা) নামের মামলার অপর আসামি বিচার চলাকালীন সময়ে মৃত্যুবরণ করায় রায়ে তাকে এ মামলা থেকে অব্যহতি দেওয়া হয়।
আদালতসূত্র জানায়, প্রবাসী আব্দুস সালাম হত্যা মামলায় ২০১০ সালের ৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ এবং ওই বছরের ৭ সেপ্টেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
২০০৯ সালের ১৯ অক্টোবর প্রবাসী আব্দুস সালামকে সম্পত্তির বিরোধের জেরে নিজ বাড়িতে তার বাবা-মা, ভাই-বোন মিলে গলাকেটে খুন করেন। এ ঘটনায় সালামের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে বোয়ালখালী থানায় আব্দুস সালামের বাবা, ভাই, মা ও বোনকে আসামি করে একটি মামলা করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের সাতদিন আগে আব্দুস সালাম দেশে ফেরেন এবং ভাই, মা ও বোনের সাথে সম্পত্তি নিয়ে বিবাধে জড়িয়ে পড়েন।











