
মোঃ নাজিম উদ্দিন,চট্টগ্রাম
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে উঠা ৩টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
এর আগে উপজেলায় আরও চারটি ইটভাটা বন্ধ করে ৭টি ইটভাটার মালিককে ১৫ লক্ষ টাকা জরিমানা করেছিল প্রশাসন।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন অমান্য করে দীর্ঘদিন ধরে ভাটা পরিচালনা করার অপরাধে ৯ ফেব্রুয়ারী মঙ্গলবারে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে অভিযানে সাতকানিয়ার রহমতের বেগ টেক এলাকার মির্জা আসলামের থ্রি এস বি ইটভাটা, নাপিতের চর এলাকায় মো. ইব্রাহিমের ফাইভ বি এম ইটভাটা ও নুরুল আলমের ফোর বি এম ইটভাটার কাঁচা ইট নষ্ট করে ও চুল্লি গুঁড়িয়ে দিয়ে ইট উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার পরিদর্শক নুর হাসান সজিব। তাঁদেরকে সহযোগিতা করেন র্য্যব ৭, সাতকানিয়া ফায়ার সার্ভিস ও জেলা পুলিশের একটি দল।
চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, সম্প্রতি হাই কোর্ট চট্টগ্রামের অবৈধ ইটাভাটা উচ্ছেদের আদেশ দিয়েছেন। ওই আদেশের পরিপ্রেক্ষিতে ও সরকারি আইন অমান্য করে ইট প্রস্তুতের দায়ে মঙ্গলবারে সাতকানিয়ার তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।











