
অনলাইন ডেস্কঃ
ইকুয়েডরের কারাগারে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৬২ বন্দি নিহত হয়েছে। মঙ্গলবারের (২৩ ফেব্রুয়ারি) এ সহিংসতাকে অপরাধী সংগঠনগুলোর অপতৎপরতা বলে মন্তব্য করেছে দেশটির সরকার। দেশটির কারাগারে প্রায়ই সংঘবদ্ধ অপরাধী চক্রগুলোর মধ্যে এ ধরনের সহিংসতার ঘটনা ঘটে।
ইকুয়েডরের কারা কর্তৃপক্ষের পরিচালক এডমান্ডো মনকায়ো জানান, কারা অভ্যন্তরে কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে দুটি গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। তিনি ৬২ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে।
সংঘর্ষে কয়েকজন পুলিশও আহত হয়েছেন। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বিস্তারিত কিছু বলা হয়নি। দেশটি প্রেসিডেন্ট লেনিন মোরেনো সাময়িকভাবে কারাগারগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
এডমান্ডো মনকায়ো জানান, কারা সহিংসতা থামাতে অতিরিক্ত ৮০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে কারা পরিস্থিতি শান্ত হয়েছে বলে দাবি তার।













