দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি নিহত

0
4

কক্সবাজারের উখিয়া লম্বাশিয়া রোহিঙ্গা শরণার্থীশিবিরের ভেতরে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ শওকত হোসেন (৪৫) নামে একজন রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উখিয়া লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প ওয়েস্ট-২ ডি ব্লকের বাসিন্দা আশরাফ আলীর ছেলে এবং ওই ক্যাম্পের দলনেতার (হেড মাঝি) দায়িত্বে ছিলেন।

আজ শনিবার বিকেলে ৪ টার দিকে উখিয়া লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প ওয়েস্ট-২ ডি ব্লকে এ ঘটনা ঘটে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার মো. নাঈমুল হক। পুলিশের দাবি, রোহিঙ্গা ক্যাম্পের ডাকাত দলের গুলিতে মাঝি শওকত হোসেন মারা যান।

এপিবিএন অধিনায়ক নাঈমুল হক বলেন, শনিবার বিকেলে লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প বাজারে একটি কাপড়ের দোকানের সামনে দুটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে অস্ত্রধারী কয়েকজন মোহাম্মদ শওকত হোসেনকে পেছন থেকে কয়েকটি গুলি করেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে যান। পরে ‘ডাকাত’ দলের সদস্যরা এলোপাতাড়ি আরও কয়েকটি গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যান। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় শওকত হোসেনকে তাৎক্ষণিক উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পে আইওএম পরিচালিত চিকিৎসা কেন্দ্রে নেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নাঈমুল হক আরও বলেন, নিহত ব্যক্তির কোমরের ওপরে কয়েকটি গুলি লেগেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

আগেইসরায়েলে হামলার নিন্দা জানালেন বাইডেন
পরেকক্সবাজারে দেড়শো কোটি টাকা ব্যয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হচ্ছে : সি: সচিব হেলালুদ্দীন