
সিবিকে ডেস্কঃ
মুঠোফোনে কথা বলায় খরচ বাড়তে পারে এ মাস থেকেই। কেননা মোবাইল সিম ব্যবহারের করে সেবা গ্রহণের বিপরীতে সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে মোবাইল ফোনে কথা বলা, বার্তা পাঠানো এবং ডেটা ব্যবহারের খরচ বেড়ে যাবে।
যদি সম্পূরক শুল্ক বাড়ানো হয়, তবে তা ঘোষণার দিন থেকেই কার্যকর হবে। বর্তমানে মুঠোফোনে কথা বলায় ১০ শতাংশ সম্পূরক শুল্ক আছে। এটি ৫ শতাংশ বাড়িয়ে আগামী বাজেটে ১৫ শতাংশ করার প্রস্তাব হতে পারে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এই তথ্য জানা গেছে। অবশ্য গেল বাজেটেও ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার।
সব মিলিয়ে কথা বলা ও খুদে বার্তায় বর্তমানে ১৫ শতাংশ ভ্যাট, ১ শতাংশ সারচার্জ, ১০ শতাংশ সম্পূরক শুল্ক ইত্যাদি মিলে মোট করভার ২৭ দশমিক ৭৭ শতাংশ। এর মানে হলো, আপনি যদি ১০০ টাকা রিচার্জ করেন, তাহলে ২২ টাকার মতো যায় সরকারের কোষাগারে।
নতুন করে শুল্ক আরোপ করা হলে একই হিসাবে প্রস্তাবিত বাজেট অনুযায়ী, ১৫ শতাংশ শুল্ক হার আরোপ হলে ১৩৩ টাকা ৫৭ পয়সার কথা বললে সরকারের হিসাবে জমা হবে ৩৩ টাকা ৫৭ পয়সা। অর্থাৎ ১০০ টাকার কথা বললে ২৫ টাকা ১৩ পয়সা যাবে সরকারের কোষাগারে। তাতে সরকারের রাজস্ব আয় হয়তো বাড়বে, কিন্তু বেড়ে যাবে গ্রাহকের খরচও।













