
ক্রীড়া ডেস্কঃ
বিশ্বকাপ বাছাইপর্বের এবার কোনো ম্যাচই জিততে পারল না লাতিন আমেরিকার অন্যতম শক্তিশালী ও ফেভারিট দল আর্জেন্টিনা। প্রথমে চিলির সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর এবার কলম্বিয়ার বিপক্ষেও জয় পেল না লিওনেল মেসির দল।
দ্বিতীয় ম্যাচের শুরুতেই অবশ্য প্রতিপক্ষকে কাঁপিয়ে দিয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের আট মিনিটের মধ্যে তারা এগিয়ে যায় দুই গোলের ব্যবধানে। তবে হাল ছেড়ে না দিয়ে লড়াই অব্যাহত রাখল কলম্বিয়া। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের গোলে তারা রুখে দিল ম্যারাডোনার দেশকে।
বুধবার বাংলাদেশ সময় সকালে এল মেত্রোতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। প্রথমার্ধেই গোলের দেখা পান ক্রিস্তিয়ান রোমেরো ও লেয়ান্দ্রো পারেদেস। বিরতির পরপর কলম্বিয়ার লুইস মুরিয়েল ব্যবধান কমান। আর শেষ মুহূর্তে সমতা টেনে আর্জেন্টিনাকে জয়বঞ্চিত করেন মিগেল বোরহা।
জমজমাট লড়াইয়ে বল দখলের পাশাপাশি আক্রমণেও প্রাধান্য দেখায় আর্জেন্টিনা। তাদের ১৫ শটের মধ্যে লক্ষ্যে ছিল আটটি। বিপরীতে কলম্বিয়ার ১২ শটের পাঁচটি লক্ষ্যে ছিল।
বাছাইয়ের ছয় ম্যাচে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এটি টানা দ্বিতীয় ও সবমিলিয়ে তৃতীয় ড্র। ১২ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার দুইয়ে। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান ব্রাজিলের। পাঁচে থাকা কলম্বিয়ার পয়েন্ট ৬ ম্যাচে ৮।













