
সিবিকে ডেস্কঃ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩০০ জনের দেহে। এদের মধ্যে নগরের ২০৪ জন এবং উপজেলার ৯৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৭ হাজার ৬৭০ জনে।
রবিবার (২৭ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।
আরও জানা যায়, গতকাল শনিবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৭টি ল্যাবে ১ হাজার ৩৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩০০ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৩৯ জনের নমুনা পরীক্ষায় ১০৪ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২৭৫ জনের নমুনা পরীক্ষায় ৬৬ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২২৩ জনের নমুনা পরীক্ষায় ৬৬ জন শরীরে করোনার জীবাণু ধরা পড়েছে।
এছাড়া শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৪২ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৬ জনের নমুনা পরীক্ষা করে ৮ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ল্যাবে ২৮ জনের নমুনা পরীক্ষা করে ১৩, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৭৫ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।
এদিন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব এবং চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ৫২টি নমুনা পরীক্ষা করে একজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।











