
সিবিকেঃ
দেড় লাখ টাকা মুক্তিপণ নিয়ে কক্সবাজারের ঈদগাঁও থেকে অপহৃত চার কৃষককে ছেড়ে দিয়েছে ডাকাতরা।
মুক্ত কৃষকরা হলেন, ঈদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালিরছড়া এলাকার সৈয়দ আহমেদের ছেলে কামাল উদ্দিন, গোলাম বারির ছেলে নুরুল আবছান আকাশ, মৃত হামিদ হোসেনের ছেলে মোহাম্মদ রফিক ও অপজন ট্রাক্টর চালক।
ঈদগাঁও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহমুদুল করিম মিনার বলেন, ঈদগাঁওয়ের মাছুয়াখালী রেঞ্জের আওতাধীন জমিতে ধানের বীজ রোপনরত অবস্থায় রোববার (৮ আগস্ট) বিকেলে চার কৃষককে অপহরণ করে ডাকাতরা। তাদের মুক্তির জন্য ৮ লাখ টাকা দাবি করছে। টাকা দেয়ার জন্য সোমবার সকাল থেকে অপহৃত কৃষকদের পরিবারের কাছে কয়েক দফা ফোন করেছে ডাকাতরা। বিষয়টি পুলিশকেও অবগত করা হয়েছে।
তিনি বলেন, দেড় লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পরই অপহৃত চার কৃষককে ছেড়ে দিয়েছে ডাকাতরা।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, তাদেরকে উদ্ধার করতে সোমবার সকাল থেকে পুলিশ বনবিভাগ পাহাড়ে যৌথ অভিযান পরিচালনা করে। পরে অপহৃতদের পাহাড়েই ছেড়ে দেয় ডাকাতরা।-দৈনিক কক্সবাজার













