
এম. এ আজিজ রাসেল:
রোহিঙ্গাদের জন্য ৪১০০টি শেল্টার নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে ক্যাম্পে ১০২৩টি নতুন শেল্টার নির্মাণ করা হয়েছে। এছাড়া ক্যাম্পে ক্যাম্পে ১০২৫ টি শাওয়ার ব্লক , ২৫৬টি টয়লেট ব্লক, ৪১০০টি সোলার ও ৪১০০টি অগ্নি নির্বাপক প্রদান করা হবে। পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠির ফলে ক্ষতিগ্রস্ত স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কক্সবাজারের বিভিন্ন উপজেলায় ৩৭৫টি ঘরও নির্মাণ করবে হিউম্যান রিলিফ ফাউন্ডেশন।
সোমবার (২৩ আগস্ট) সকালে হোটেল লং বিচে হিউম্যান রিলিফ ফাউন্ডেশন আয়োজিত “শেল্টার এ্যান্ড ওয়াশ এ্যাসিসটেন্স ফর রোহিঙ্গা এ্যান্ড হোষ্ট পপুলেশন ইন বাংলাদেশ” প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের কান্ট্রি হেড ডক্টর ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) মো. নাসিম আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামছুদ্দৌজা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (এনজিও সেল) মো. জোবায়ের হাবিব, এইচ আরএফ পার্টনার ইপসার আঞ্চলিক পরিচালক খালেদা বেগম , গ্লোবাল উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও একতা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম।
অনুষ্ঠানে প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের কক্সবাজার হেড অব প্রোগ্রাম মোহাম্মদ ইলিয়াস। তিনি বলেন, এইচ আর এফ তার পার্টনারদের সহযোগীতায় আগামীতে রোহিঙ্গা ও কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা, বৃক্ষরোপণ ও এলপিজি গ্যাস প্রদানের মতো কার্যক্রম পরিচালনা করবে।












