
উখিয়া প্রতিনিধিঃ
উখিয়ায় সড়ক দুর্ঘটনায় সম্বল চাকমা নামে এপিবিএনের এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উখিয়া-টেকনাফ মহাসড়কের শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এএসআই সম্বল চাকমা উখিয়ার পালংখালীর তাজনিমার খোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি বান্দরবান জেলার রুমা উপজেলার ভরতপাড়ার এলাকার দয়া চাঁন চাকমার ছেলে।
এপিবিএন-৮ জানায়, বৃহস্পতিবার সকালে ছুটি শেষে এএসআই সম্বল চাকমা বান্দরবান থেকে সিএনজি অটোরিকশা যোগে কর্মস্থলে ফেরার পথে সিএনজির সামনে হঠাৎ একটি কুকুর চলে আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় সিএনজি অটোরিকশাটি উল্টে গিয়ে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এপিবিএন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সম্বল চাকমার লাশ তার পরিবারকে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।












