
টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফ শালবাগান ক্যাম্পের ব্লক- এ/৩ থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। শনিবার (৩০ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে টেকনাফ শালবাগান ক্যাম্পের রোহিঙ্গা জোবায়েরের বাড়ি ও তার পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটকরা হলেন— নুর হোসেন প্র. মুনাইয়া (২৪) ও সাব্বির আহমেদ (২২)। এসময় অন্যান্য আসামিরা পাহাড়ের দিকে পালিয়ে যায়।
কক্সবাজার-১৬ এপিবিএন সূত্রে জানা যায়, ১২ থেকে ১৪ জন রোহিঙ্গা দেশিয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে এপিবিএন’র উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন ডাকাতেরা। এসময় রোহিঙ্গা ডাকাত নুর হোসেন ও সাব্বির আহমেদকে স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় আটক করা হয়। অন্য ডাকাতেরা পাহাড়ের দিকে পালিয়ে যায়।
১৬ আর্মড পু্লিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার নুর হোসেন প্র. মুনাইয়া গত ৯ আগস্ট শালবাগান ক্যাম্পের অভ্যন্তরে সংঘটিত রফিক হত্যার অন্যতম আসামি এবং সাব্বির আহমেদ টেকনাফের রোহিঙ্গা সন্ত্রাসী ‘সালমান শাহ’ গ্রুপের শীর্ষ স্থানীয় সদস্য। ওই দুজনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে টেকনাফ থানায় পাঠানো হয়েছে।












