
সিবিকে ডেস্কঃ
আগামীকাল শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের গণপরিবহন ও পণ্য পরিবহন চলাচল বন্ধ রাখার কথা ভাবছে পণ্য পরিবহন ও গণপরিবহন মালিক সমিতি। ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এ ঘোষণা মালিক সমিতির। বৃদ্ধির প্রতিবাদে পণ্য পরিবহন ও গণপরিবহন মালিক সমিতি এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আনুষ্ঠানিক কোন ঘোষণা না এলেও দেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বাস, ট্রাক ও কাভার্ডভ্যানসহ বিভিন্ন গণপরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে চালকেরা। মালিক সমিতি বলছে, বিকেল চারটার পর চূড়ান্ত সিদ্ধান্ত গণমাধ্যমে জানানো হবে।
বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসেন মো. মজুমদার আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ডিজেলের দাম বাড়ানোর কারণে আমাদের পরিবহন চালানো সম্ভব নয়। হুট করে এই ধরনের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই।’
তিনি বলেন, ‘হঠাৎ করে তেলের দাম লিটারে ১৫ টাকা বেড়ে যাওয়ায় আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের কথা ভাবছি। এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, তবে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেল ৪টার দিকে সমিতির সভায় মূল সিদ্ধান্ত পাওয়া যাবে। ’
এছাড়াও ঢাকার বাইরে কয়েকটি জায়গায় ট্রাক চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন তিনি।
এর আগে বুধবার (০৩ নভেম্বর) জ্বালানি তেলের দাম ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বেড়েছে, যা ইতোমধ্যে কার্যকর হচ্ছে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় ‘লোকসান কমাতে’ দেশের বাজারেও জ্বালানির তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।













