
সাতকানিয়া প্রতিনিধিঃ
সাতকানিয়ায় আমন ক্ষেতের পাকা ধান বাঁচাতে লাগানো বিদ্যুতের ফাঁদে পড়ে বিশালাকৃতির একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৪টার দিকে সোনাকানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হযরত আজগর আলী শাহ মাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ধান ক্ষেতে বিশালাকৃতির হাতিটি পড়ে আছে—এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভিড় জমায়। হাতির কাছে লোকজন গিয়ে দেখতে পায় শুড়ের নিচ থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য ফজল করিম বলেন, হাতিটি সরেজমিনে দেখে ও এলাকার লোকজনের সঙ্গে কথা বলে হাতিটি বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে বলে নিশ্চিত হয়েছি।
সাতকানিয়া মাদার্শা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. মামুন মিয়াও বিদ্যুস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কারা এ বিদ্যুতের ফাঁদ তৈরি করেছেন তা তিনি জানাতে পারেন নি। তদন্ত করে বিদ্যুতের ফাঁদ বসানো ব্যক্তিদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।











