
উখিয়া প্রতিনিধিঃ
উখিয়ায় সাড়ে ৩ লাখ ইয়াবা, বিদেশি মদ ও সিএনজি টেক্সিসহ ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে। রবিবার (৭ নভেম্বর) রাত ৮ টায় উখিয়ার পালংখালীতে এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
আটককৃতরা হলেন, পালংখালী গয়ালমারা এলাকার গুরা মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৩৮), পশ্চিম পালংখালীর আব্দুর রহিমের ছেলে রেয়াজুল করিম বাপ্পী (১৮), বটতলী এলাকার আব্দুস সালামের ছেলে সাখাওয়াত হোসেন মোল্লা (২২) এবং মৃত সোনা আলীর ছেলে জয়নাল উদ্দিন (২৬)।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, রবিবার বিকাল ৫টায় উখিয়ার পালংখালী গয়ালমারায় জনৈক গুরা মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় চারজনকে হাতেনাতে আটক করে। পরে আটকদের স্বীকারোক্তিতে বাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ ৫০হাজার ইয়াবা, ১১ বোতল হুইস্কি, ১৫ ক্যান বিয়ার এবং মাদক বহনে ব্যবহৃত একটি সিএনজি টেক্সি জব্দ করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক গুরা মিয়াকে পলাতক আসামি করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা ও বিদেশি মদসহ আটককৃতদের থানায় পাঠানোর প্রক্রিয়া চলছে।












