
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের উখিয়ার বালুখালী থেকে ৬০ হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। তারা হলেন তারেকুর রহমান (২৫) ও জসীম উদ্দিন (২২)।
শুক্রবার (১৯ নভেম্বর) রাতে বালুখালীর বাজার এলাকা থেকে তাদের এসব ইয়াবাসহ আটক করা হয়। আটক তারেক ও জসিমের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে অভিযানে নেতৃত্ব দেয়া কক্সবাজার র্যাব-১৫ এর মেজর শেখ মোহাম্মদ ইউসূফ জানান, বালুখালী বাজার এলাকায় একটি ইয়াবা কারবারি সিন্ডিকেট ক্রয়-বিক্রয় উদ্দেশ্যে আসছে এমন খবরে অভিযানে যায় র্যাব। এসময় হাতেনাতে ইয়াবাসহ এ দুইজনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়। আটককৃত দুইজনের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, মাদক কারবারিদের ধরতে র্যাব-১৫ এর অধিনায়কের নির্দেশে র্যাব-১৫ এর সদস্যরা কাজ করে যাচ্ছে। মাদক কারকারবারিদের যেকোন কৌশল কখনো র্যাবের চোখ এড়িয়ে যেতে পারেনি আগামীতেও পারবে না বলে জানান র্যাব-১৫ এর এ কর্মকর্তা।












