ঈদগাঁওয়ের ইসলামাবাদে পা পিছলে পড়ে হাতির মৃত্যু 

0
3

 

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে পা পিছলে ঝিরিতে পড়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। রোববার (২১ নভেম্বর) সকালে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়ার (৯নং ওয়ার্ড) সাতঘরিয়াপাড়া সংলগ্ন ক্লিব্বা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৭টার দিকে একদল কাঠুরিয়া কাঠ সংগ্রহ করতে যাওয়ার পথে অন্তত আড়াই ফুট গভীর একটি ঝিরিতে হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পায়। এসময় তারা বিষয়টি স্থানীয়দের জানান। এরপর স্থানীয় লোকজন বনবিভাগকে হাতি মৃত্যুর বিষয়টি অবগত করলে দুপুর ১২টার দিকে বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।

ফুলছড়ি রেঞ্জের অধীন রাজঘাট বিট কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, সাত ফুট দৈর্ঘ্যের মৃত হাতিটি পুরুষ। এর বয়স আনুমানিক দেড় থেকে দুই বছরের মত হবে।

ফুলছড়ির রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুল বলেন, পুকুরের ঢাল বেয়ে নিচে নামার সময় পা পিছলে পড়ে হাতিটির মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

ফুলছড়ির এসিএফ ড. প্রান্তোষ চন্দ্র রায় জানান, কক্সবাজার সদর উপজেলা থেকে প্রাণি সম্পদ বিভাগের কর্মকর্তারা এসেছেন। প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা হাতিটির গায়ে ক্ষত চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন। ময়নাতদন্ত শেষে হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আগেকোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে উখিয়ায় বিশ্ব শিশু দিবস উদযাপন
পরেকক্সবাজার সদর হাসপাতালের অবহেলায় স্কুল ছাত্রীসহ আহত ৩