
আতিকুর রহমান মানিক:
ঈদগাঁওতে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঈদগাঁও বাজারের মা-মনি হাসপাতাল সংলগ্ন একটি গ্যারেজ থেকে মোঃ ইয়াছিন (২৫) নামের এ ইজিবাইক ( টমটম) চালকের মরদেহ উদ্ধার করা হয়।
মোঃ ইয়াছিন ঈদগাঁও সদর ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া (৩নং ওয়ার্ডের) গ্রামের জমির উদ্দিনের পুত্র।
রোববার (৬ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে বাজারের মামনি হাসপাতাল সংলগ্ন আমির হোছাইনের (প্রকাশ-মাস্টার) গ্যারেজে এ ঘটনাটি ঘটেছে। সংবাদ পেয়ে সকাল ১১ টার দিকে ঈদগাঁও থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং সুরতহাল রিপোর্ট তৈরী শেষে এ রিপোর্ট লিখা পর্যন্ত ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরনের প্রস্ততি নিচ্ছিল। এদিকে ঘটনার পরপরই গ্যারেজ মালিক আমির হোছাইন এবং কর্মচারী আনু গা ঢাকা দেয়। পুলিশের ধারনা বিদ্যুত স্পৃষ্ট হয়ে ইয়াছিন মারা গেছে। ঘটনাস্থলে উপস্থিত ইয়াছিনের স্ত্রী তাজমিন আক্তার জানায়, তার স্বামী ইয়াছিন ঈদগাঁও ইউনিয়নের দঃ মাইজাপাড়ার বাসিন্দা হলেও স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন ইসলামপুর ইউনিয়নের ফকিরা বাজারের অদুরে ভিলেজার পাড়ায়। মিনহা মনি নামে দুবছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে তাদের সংসারে।
স্ত্রী আরো জানান, ঘটনার দিন খাওয়া দাওয়া সেরে সকাল ৯ টার দিকে ইজিবাইক নিতে গ্যারেজের উদ্দেশ্যে বের হন তার স্বামী ইয়াছিন। বাসা থেকে বের হওয়ার দেড় ঘন্টা পর জানতে পারেন স্বামী ইয়াছিন মারা গেছে।
ঘটনাস্থলে উপস্থিত নুরুল আবছার জানান, ইয়াছিনকে গ্যারেজের ভেতর পড়ে থাকতে দেখে অজ্ঞাতনামা কয়েকজন ড্রাইভার তাকে নিয়ে পাশ্ববর্তী মা-মনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। ঘটনাস্থলে উপস্থিত ইজিবাইক চালক নুরুল আলম, রশিদ আহমদসহ আরো অনেকের দাবী গ্যারেজের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করলে ঘটনার মূল রহস্য জানা যাবে। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিম বলেন, ময়না তদন্ত রিপোর্ট হাতে এলে ঘটনার প্রকৃত কারন জানা যাবে। এছাড়া দোষীদের বিরুদ্ধে শ্রীঘ্রই ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি ।













