
কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ১০ হাজার ৪ শত পিস ইয়াবাসহ ৪ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন পুলিশ।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে কুতুপালং ট্রানজিট পুলিশ চেকপোস্ট সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্প-৭ এর ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনে সড়কের ওপর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ৭ নম্বর ক্যাম্পের সি-ব্লকের সব্বির আহম্মদের ছেলে নবী হোসেন (১৯), বি/১ ব্লকের আহম্মদ হোসেনের ছেলে মো. শহিদ (২৯) এবং একই ক্যাম্পের এ/৫ ব্লকের নজির হোসেনের ছেলে মো. জামিল (২২)।
বিষয়টি নিশ্চিত করেন ১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক। তিনি বলেন, গোপন সংবাদের ভিক্তিতে উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ট্রানজিট পুলিশ চেকপোস্ট সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্প-৭ এর ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনে মোবাইল টিম অবস্থান নেন। এসময় পুলিশ আসামিদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের আটক করে। উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে ৪ ইয়াবা শত উদ্ধার করা হয়।
এদিকে শনিবার ভোর ৪ টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। আটক রোহিঙ্গা ক্যাম্প-১ এর মৃত আব্দুল কাদেরের ছেলে মোস্তাক আহমদ (৬৪)।
৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব খানের নির্দেশে ক্যাম্প-১৩ ও ১৯ এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ক্যাম্প-১৩ এর ডি-২ ব্লকের কাঁঠালগাছতলা হারেস মিয়ার মুদির দোকানের সামনে থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।












