
চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় স্বাধীন ট্রাভেলসের ধাক্কায় আব্দুল খালেক (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য।
মঙ্গলবার (৮ মার্চ) বিকেল ৩টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক ডুলাহাজারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুস্তফাজুম মাছছড়া গ্রামের মৃত নজুমিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুয়েল ইসলাম। পূর্বকোণকে তিনি বলেন, মঙ্গলবার কেল ৩টায় কক্সবাজারমুখী স্বাধীন ট্রাভেলস নামক একটি বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী গ্রাম পুলিশ সদস্য আব্দুল খালেক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মালুমঘাট ম্যামোরিয়াল খ্রিস্টিয়ান হাসপাতালে নিয়ে গেলে তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়। পরে এ্যাম্বু্ল্যান্সে চট্টগ্রামে নেয়ার পথে চন্দনাইশ এলাকায় সন্ধ্যা ৬টায় তার মৃত্যু হয়।
জুয়েল ইসলাম আরও বলেন, বাসটি ঘটনাস্থলে ফেলে চালক পালিয়ে গেলে ওই বাস মালুমঘাট হাইওয়ে পুলিশ জব্দ করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ তার বাড়িতে আনা হয়নি।













